শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

খাল ও নদী খননের মাধ্যমে কৃষি উন্নয়নের কাজ করবে সরকার

লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদী ইউনিয়নের কাফিলাতলি বাজার থেকে হামছাদী এলাকার ১২ দশমিক ৬ কিলোমিটার সি-খাল পুনঃখননের উদ্যোগ নেয়া হয়েছে। ১৯৭৮ সালে সর্বশেষ খনন হওয়া খালটি পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮৪ লাখ টাকা।

লক্ষ্মীপুর প্রতিনিধি

Location :

Lakshmipur
লক্ষ্মীপুর সদর উপজেলার বাজার এলাকায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
লক্ষ্মীপুর সদর উপজেলার বাজার এলাকায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি |নয়া দিগন্ত

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন করা হবে। স্বনির্ভর বাংলাদেশ গঠনে খাল ও নদী খননের মাধ্যমে কৃষি উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সরকার।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদী ইউনিয়নের কাফিলাতলি বাজার এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে কোদাল দিয়ে নিজ হাতে মাটি কেটে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত সেলিম, জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান ও পুলিশ সুপার মো. আবু তারেক।

জানা গেছে, লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদী ইউনিয়নের কাফিলাতলি বাজার থেকে হামছাদী এলাকার ১২ দশমিক ৬ কিলোমিটার সি-খাল পুনঃখননের উদ্যোগ নেয়া হয়েছে। ১৯৭৮ সালে সর্বশেষ খনন হওয়া খালটি পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮৪ লাখ টাকা।

খালটি পুনঃখনন হলে হামছাদী ও রায়পুরের বামনী ইউনিয়নসহ চারটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ জলাবদ্ধতা নিরসন ও কৃষি কাজে সুফল পাবে। খালের প্রস্থ নির্ধারণ করা হয়েছে ২০ থেকে ৩৫ মিটার।