আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর অফিসার নিহত

মোটরসাইকেলে আমতলী থেকে কলাপাড়ার উদ্দেশে যাচ্ছিলেন তিনি। বান্দ্রা রাইচ মিলের সামনে পৌঁছালে কুয়াকাটা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

আমতলী (বরগুনা) সংবাদদাতা

Location :

Barguna
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা |ফাইল ছবি

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো: নুরুল ইসলাম নামে এক বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র অরেন্ট অফিসার নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে মহাসড়কের আমতলীর বান্দ্রা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল আমিন বরগুনা সদর উপজেলার জেলখানা উরবুনিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো: আবুল কালাম মালাকার।

পুলিশ সূত্রে জানা গেছে, নুরুল আমিন রাতে নিজের মোটরসাইকেলে আমতলী থেকে কলাপাড়ার উদ্দেশে যাচ্ছিলেন। বান্দ্রা রাইচ মিলের সামনে পৌঁছালে কুয়াকাটা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক গাড়িটি পালিয়ে যায়।

স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই রাতেই লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদৎ মো: হাসনাইন পারভেজ বলেন, ‘পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ঘাতক গাড়িটি সনাক্তের চেষ্টা অব্যাহত আছে।’