মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, ‘স্বৈরাচার সরকারের বিদায় হয়েছে। বাংলাদেশের লক্ষ জনতা নির্যাতিত হয়েছিল এই স্বৈরাচার সরকার শেখ হাসিনার হাতে। গুম ও খুনের শিকার হয়েছে। তাদের রক্তের প্রতি সম্মান জানাতে হবে।’
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এনসিপি-জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে এ কথা বলেন।
কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক বলেন, ‘উন্নয়নের সাথে থাকলে বাংলাদেশের উন্নতি হবে। ভবিষ্যতে জনগণের কাছে যাওয়ার সুযোগ পাবেন। সরকারের বিরোধিতা করলে জনগণের প্রতিরোধের মুখে পড়তে হবে।’
‘গত ১৭ বছর বিএনপির নেতাকর্মী নির্যাতিত হয়েছে ও দেশের জন্য যুদ্ধ করেছে। অথচ, নতুন একটি দল রাস্তায় মাইক হাতে পেলেই আবলতাবল বলা শুরু করে। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়েও বাজে মন্তব্য করে।’ তাদের উদ্দেশ্যে করে তালুকদার খোকন আরো বলেন, ‘বিএনপি রাতের ভোটে নির্বাচিত হয়নি। জনগণের বিপুল ভোটে বিএনপি সরকার গঠন করতে পেরেছে। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জাতীয় সংসদে কথা বলছে বর্তমান সরকার।’
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান জাকির, সদস্য সচিব কামরুল ইসলামসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



