চুয়াডাঙ্গায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের গণমিছিল

‘৭২ শতাংশ ভোটার জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পর বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল করে চুয়াডাঙ্গা জেলা ১১ দলীয় ঐক্য
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল করে চুয়াডাঙ্গা জেলা ১১ দলীয় ঐক্য |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী এ মিছিল ও সমাবেশ করা হয়।

শনিবার (৪ জুলাই) বাদ আসর চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে বিক্ষোভ সমাবেশ শেষে গণমিছিল শুরু হয়। মিছিলটি শহরের কবরী রোড, কলেজ রোড, কোর্ট মোড়, পুরাতন হাসপাতাল রোড, শহীদ হাসান চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো: আসাদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের জেলা আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য (এমপি) মো: রুহুল আমিন।

সভাপতির বক্তব্যে মো: রুহুল আমিন এমপি বলেন, ‘৭২ শতাংশ ভোটার জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পর বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে। আমরা যেকোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।’

সমাবেশে জামায়াতের জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা সদর আসনের এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, সহকারী সেক্রেটারি মো: আব্দুল কাদের, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি জুবায়ের খান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।