কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামে মৃতের সংখ্যা দাঁড়ালো সাতজনে। রোববার (৫ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুটি মারা যায় বলে নিশ্চিত করেন হাসপাতালের উপ-পরিচালক ডা: এ এইচ এম আনোয়ারুল ইসলাম।
ছয় মাস বয়সী ওই শিশুর নাম রায়হান হোসেন। সে সদর উপজেলার হরিপুর এলাকার সোহাগ আলীর ছেলে।
হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, রোববার সকালে হামের উপসর্গ নিয়ে শিশু রায়হান হোসেনকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষ আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। বিকেল পৌনে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা: এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, শিশু রায়হানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছিল। সব ধরনের চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, হাসপাতালগুলোতে বাড়তি চিকিৎসক, নার্স ও ওষুধ না থাকায় রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা: নাসরিন মৌ জানান, জেলায় এ পর্যন্ত ৩১৮ জন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। জেলায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩২ জন রোগী। সকাল পর্যন্ত মৃতের সংখা ছিল ছয়। আজ (রোববার) বিকেলে শিশু রায়হানের মৃত্যুর পর এ সংখ্যা দাঁড়িয়েছে সাতে।



