বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কুমিল্লায় ট্রাক দুর্ঘটনায় নিহত সাত কৃষি শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এ সময় নিহতদের পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন সংগঠনের নেতারা।
ফেডারেশন দিনাজপুর জেলা সভাপতি মো: জাকিরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি এনামুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কেন্দ্রীয় সহ-সভাপতি মো: গোলাম রব্বানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আনোয়ারুল ইসলাম, ড. মো: জিয়াউল হক ও মুহাদ্দিস ড. এনামুল হক।
অনুষ্ঠানে মো: রমজান আলী, মো: মোসলেম উদ্দিন ও মো: মুশফিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, কুমিল্লার মর্মান্তিক ট্রাক দুর্ঘটনায় নিহত কৃষি শ্রমিকদের ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তবে মানবিক দায়িত্ববোধ থেকে নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
অনুষ্ঠানে নিহত সাত কৃষি শ্রমিকের পরিবারের হাতে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। একইসাথে নিহতদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেয়ার আশ্বাসও দেয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতি কুমিল্লায় এক সড়ক দুর্ঘটনায় দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার সাতজন কৃষি শ্রমিক নিহত হন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।



