মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, আটক ৩

উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পচাকোড়ালিয়া বিটের চরপাতালিয়ার সংরক্ষিত বনাঞ্চলে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছিল তিন জেলে। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।

ভোলা প্রতিনিধি

Location :

Bhola
সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকারের অপরাধে আটক তিন জেলে
সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকারের অপরাধে আটক তিন জেলে |নয়া দিগন্ত

ভোলার মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক করেছে বন বিভাগের বনপ্রহরীরা।

বন আইনে মামলা দায়েরের পর শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আদালতের মাধ্যমে আটক হওয়া তিন জেলেকে চরফ্যাসন হয়ে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে, বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরপাতালিয়ার সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় তাদের আটক করা হয়।

আটক হওয়া তিন জেলে হলেন— মো: বেল্লাল, মো: জিহাদ ও মো: হাছান। তাদের সবার বাড়ি মনপুরা উপজেলার বিচ্ছিন্ন ৫ নম্বর চর কলাতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে।

জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পচাকোড়ালিয়া বিটের চরপাতালিয়ার সংরক্ষিত বনাঞ্চলে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছিল তিন জেলে। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে বিষ দিয়ে খালে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক করেন।

পরে শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বন আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে সোর্পদ করে বন বিভাগ। এরপর আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আটক তিন জেলেকে আদালতের মাধ্যমে চরফ্যাসন হয়ে ভোলা কারাগারে পাঠানো হয়।

এ ব্যাপারে বন বিভাগের উপজেলার পচাকোড়ালিয়া বিটের বিট কর্মকর্তা সজিব সরকার জানান, আটক হওয়া তিন জেলেকে সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকার করার সময় আটক করা হয়। বন আইনে মামলা দায়েরের পর শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

উপজেলা বন বিভাগের দায়িত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা রাসেদুল হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে আটক হওয়া তিন জেলেকে ভোলা কারাগারে পাঠানো হয়েছে।