চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ বলেছেন, ‘আজকের শিক্ষার্থীরাই হবে আগামী দিনের দেশ গড়ার কারিগর। এ কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মানবিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।’
তিনি বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষক, বাবা-মা, প্রতিবেশী সবাইকে সজাগ থাকতে হবে এবং শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষার প্রেরণা দিয়ে যেতে হবে। যা আমাদের নৈতিক দায়িত্বও বটে।’
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে চন্দনাইশ কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চবিদ্যালয়ের আসন্ন এসএসসি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন অত্র-বিদ্যালয়ের সাবেক ছাত্র কক্সবাজার সদর থানার পুলিশ পরিদর্শক মো: ছমিউদ্দিন। এতে প্রধান আলোচক ছিলেন বিএনপি নেতা মো: জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. সিরাজ মিয়া, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির চৌধুরীর ছেলে মো: বেলাল উদ্দিন চৌধুরী, সমাজসেবক লোকমান গনী বাবুল, সাইফুল করিম, অভিভাবক সদস্য আবদুল্লাহ হোসেন, পটিয়া কলেজের সহযোগী অধ্যাপক মো: সালউদ্দিন, সমাজসেবক আজিজুর রহমান, জনতা ব্যাংকের ব্যবস্থাপক বিধান দে, অভিভাবক সদস্য লেয়াকত আলী, আবদুর রহিম প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন মো: শহীদ, মো: করিম, মো: বাহাদুর ও মো: নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে ২৩০ জন এসএসসি পরীক্ষার্থী, এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ১৫ জন শিক্ষার্থী ও ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণিতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে প্রতি শ্রেণির তিনজন করে মোট ১৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীর হাতে পুরুস্কার ও সম্মাননা তুলে দেয়া হয়।



