বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (৯ মে) জেলা সদরের দারুল আইতাম সম্মেলন কক্ষে রুকন সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জামায়াতের জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মিনহাজুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাহজাহান বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় সরকার যদি জুলাই আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটায়, জনগণের কাঙ্ক্ষিত বিরোধী দল হিসেবে ১১ দলীয় ঐক্য সংসদের ভেতরে-বাইরে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে।‘
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, কক্সবাজার জেলা আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
বিশেষ অতিথির বক্তব্যে দলটির চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক নুরুল আমিন চৌধুরী বলেন, ‘কোরআন-হাদিসের বাস্তব অনুকরণ ও অনুসরণের মাধ্যমে রুকনদের নৈতিক মান আরো উন্নত করতে হবে।’
কক্সবাজার জেলা আমির বলেন, ‘গণ ভিত্তি তৈরির জন্য আমাদেরকে জনগণের সেবক হতে হবে, সাধারণ মানুষের দুঃখে-সুখে নিজেকে সম্পৃক্ত করতে হবে।’
সম্মেলনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীসহ জেলার অন্য নেতারা উপস্থিত ছিলেন।



