খাগড়াছড়িতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেফতার

শুক্রবার রাতে কয়েকজন ব্যক্তি খাগড়াছড়ি কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachari
জুলাই স্তম্ভে আগুন
জুলাই স্তম্ভে আগুন |নয়া দিগন্ত

খাগড়াছড়িতে জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় রাতেই অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মো: রনিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কায় কিসলু।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে কয়েকজন ব্যক্তি খাগড়াছড়ি কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি ও ভেরিফাইড পেইজ থেকে আগুন দেয়ার ভিডিও প্রচার করে। ভিডিওতে দেখা যায় মাস্ক পরিহিত কতিপয় যুবক স্মৃতিস্তম্ভের চারপাশে দাহ্য পদার্থ ছিটিয়ে পরে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে পেট্রোল বহনে ব্যবহৃত প্লাস্টিকের বোতল পাওয়া যায়।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা এ ঘটনা ঘটিয়েছে। আগুনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া ভিডিওতে শহরের শালবাগান এলাকার বাসিন্দা হাসানুলকে দেখা গেছে। ঘটনার সাথে জড়িত সকলকে শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

থানার ওসি মো: কায় কিসলু জানান, বৃষ্টি থাকায় এবং স্মৃতিস্তম্ভটি লোহার তৈরি হওয়ায় আগুনে তেমন ক্ষতি হয়নি। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শালবন হরিনাথ পাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা সহ-সভাপতি রনিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে আরো কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।