কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় খাগড়াছড়িতে বিএনপির নেতাকর্মী আহত

খাগাছড়ির গুইমারা উপজেলা ২টি গ্রামে আওয়ামী লীগের পৃথক হামলায় বিএনপির ছয় নেতাকর্মীর আহত হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachari
গুইমারা থানা, খাগড়াছড়ি
গুইমারা থানা, খাগড়াছড়ি |নয়া দিগন্ত

খাগাছড়ির গুইমারা উপজেলা ২টি গ্রামে আওয়ামী লীগের পৃথক হামলায় বিএনপির ছয় নেতাকর্মীর আহত হয়েছে।

বৃহস্পতিবার গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী দলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলার বাইল্যাছড়ি ও বড়পিলাক এলাকায় বুধবার রাতে এসব হামলার ঘটনা ঘটে।

উপজেলার বড়পিলাক এলাকায় আওয়ামী লীগের হামলায় আহত বিএনপির নেতাকর্মীরা হলেন, হাছছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির, বড়পিলাক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন, সদস্য মাহবুব আলম, বড়পিলাক ওয়ার্ড যুবদলের সদস্য মামুন ও বড়পিলাক ওয়ার্ড স্বেচ্ছা সেবক দলের সদস্য জাহাঙ্গীর আলম রনি।

মাহবুব আলী জানান, বুধবার রাতে বড়পিলাক এলাকার মো: হাসেমের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে গোপন মিটিং করছিল। খবর পেয়ে সেখানে গেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপর লাঠিসোঠা নিয়ে অতর্কিত হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। এতে বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়। তারা বর্তমানে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে বাপ্পি ত্রিপুরা নামে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মী উপজেলার বাইল্যাছড়ি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: বাবুর উপর পিছন থেকে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সোহরাওয়ার্দী বলেন, বড়পিলাক হামলার ঘটনায় এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।