পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
খুলনার পাইকগাছায় ‘হরিদাশকাটি স্বাধীনতা সংসদ’-এর উদ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাশকাটি ফুটবল মাঠে ফলদ বৃক্ষের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ার আলদীন।
হরিদাশকাটি স্বাধীনতা সংসদের সভাপতি শেখ আল-এহসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ শাহরিয়ার সেলিমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার আলদীন বলেন, বৃক্ষরোপণকে দেশব্যাপী সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। বৃক্ষ মানুষের অকৃত্রিম বন্ধু। এটি অক্সিজেন সরবরাহের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বলেন, একটি পূর্ণবয়স্ক গাছ প্রায় ১০ জন মানুষের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতে সক্ষম। জলবায়ু পরিবর্তন, বন উজাড়, নদী-খাল দখল ও অপরিকল্পিত উন্নয়নের ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
আনোয়ার আলদীন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পরিবেশ ও জলবায়ু পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
সভাপতির বক্তব্যে শেখ আল-এহসান বলেন, হরিদাশকাটি স্বাধীনতা সংসদ দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ, সড়কের পাশে এবং পতিত জমিতে বৃক্ষরোপণ করা হবে। উপকূলীয় অঞ্চলকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্বাধীনতা সংসদের উপদেষ্টা শেখ আল এমরান, ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, ইউপি সদস্য শেখ আব্দুল গফুর, শেখ আনিসুর রহমান শিবলু, শেখ হারুনসহ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



