সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষা শুরু হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা প্রথম পত্র ও মাদরাসা বোর্ডের কোরআন মাজিদের প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হয়।
এসব পরীক্ষা চলার সময় পরীক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে সরু রাস্তাগুলো দিয়ে বড় গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২৭৩ জন এসএসসি পরীক্ষার্থীদের ৩টি কেন্দ্র, ১টি ভেন্যু। ১০টি মাদরাসার ৪৭২ দাখিল পরিক্ষার্থীরা ১টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।
এসএসসি পরীক্ষা কেন্দ্র দোয়ারাবাজার মডেল উচ্চবিদ্যালয়, বড়খাল স্কুল অ্যান্ড কলেজ, সমুজ আলী উচ্চবিদ্যালয় কলেজ। মাদরাসার দাখিল পরিক্ষার্থীদের বড়খাল কলেজ।
মঙ্গলবার প্রথম দিনের পরীক্ষা চলাকালীন উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ।
বেলা ১২টার দিকে বাংলাবাজার ইউনিয়নের বড়খাল স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে পরিবহন চলাচলের নিষেধাজ্ঞা সম্পর্কে এসব কথা বলেন।
তিনি বলেন, উপজেলার বাজার গুলোতে পণ্য আনা-নেয়ার জন্য বড় গাড়িগুলো ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু রাস্তাগুলো সরু হওয়ার ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তাই পরীক্ষা চলাকালীন সময়ে বড় গাড়িগুলো চলাচল বন্ধ রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে দোয়ারাবাজার উপজেলায় পরীক্ষার প্রথম দিনে স্কুল-মাদরাসার ১৭৪৫ পরীক্ষার্থীর মধ্যে মোট ৩৯ শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন।



