সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে ছয় জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৪ মে) রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালি থানা এলাকার সার্কিট হাউস সংলগ্ন একটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানের সময় আরো ৮-১০ জন জুয়াড়ি পালিয়ে যায়। তারা অনলাইন জুয়া চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। অভিযানে অনলাইন জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার চাঁন্দেরনগর এলাকার মরহুম মফিজুর রহমানের ছেলে আক্তার হোসেন (৪৬), সিলেট নগরীর কোতোয়ালী থানার বারুতখানা জেলরোড এলাকার মো: আলাউদ্দিনের ছেলে আশরাফুল (৩৭), একই থানার কাষ্টঘর সুইপার কলোনির গামা লালের ছেলে চন্দন লাল (৩০), মরহুম কালুয়া লালের ছেলে জনিক (৪২) ও মরহুম কাইয়ার ছেলে জন্টু (৩৯) এবং সিলেটের শাহপরাণ থানার শিবগঞ্জ লামাপাড়ার মরহুম আব্দুল কাদিরের ছেলে ফারুক মিয়া (৩৯)।
র্যাব জানায়, গ্রেফতার আসামিগণ অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ ও প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। অভিযানকালে তাদের কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন, ১৭৭টি টালি খাতা ও চারটি তীর বোর্ড জব্দ করা হয়।
র্যাব আরো জানায়, এ চক্রটি বিভিন্ন অনলাইন জুয়া অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে ১০ টাকা বিনিয়োগে ৮০০ টাকা জয়ের প্রলোভন দেখায়। যারা তাদের প্রলোভনে সাড়া দিত, তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করত। চক্রটি এমএফএস অ্যাপ ব্যবহার করে অর্থ লেনদেন করত এবং গোপনে কার্যক্রম পরিচালনা করত।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনসহ সংশ্লিষ্ট আইনে মামলায় কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।



