ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগের সদ্য স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থী অংকন কুণ্ডুর ঝুলন্ত লাশ রাজশাহীতে নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। নিহত অংকন কুণ্ডু ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি তিনি স্নাতকোত্তর সম্পন্ন করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা অ্যাডভোকেট নরেন্দ্রনাথ কুণ্ডু।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, দুই দিন আগে অংকন বাড়িতে আসেন। শুক্রবার পরিবারের সদস্যদের সাথে স্বাভাবিকভাবে সময় কাটান এবং রাতে একসাথে খাবার খান। পরে নিজ কক্ষে গেলে কিছুক্ষণ পর তার বড় ভাই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
অংকনের সহপাঠীরা জানান, মাত্র দুই দিন আগেও তিনি ক্যাম্পাসে ছিলেন। স্নাতকোত্তর শেষ করে বিদায় নেয়ার পর এমন ঘটনা ঘটবে, তা তারা কল্পনাও করেননি। তবে বেশ কয়েক মাস ধরেই তাকে কিছুটা বিষণ্ন মনে হতো বলে জানান তারা।
বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক বিলাসী সাহা বলেন, অংকন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। বিদেশে উচ্চশিক্ষার জন্য বিভাগীয় সুপারিশ নিয়েছিলেন এবং এ বিষয়ে তার সাথে পরামর্শও করেছিলেন। তার অকাল মৃত্যুতে বিভাগ গভীরভাবে শোকাহত।
বিভাগ সূত্রে জানা গেছে, অংকন কুণ্ডু সম্প্রতি স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। আগামী ২২ আগস্ট তার লিখিত পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।



