অপরাধ কর্মকাণ্ড দমনে সিলেট নগরীজুড়ে সাড়াশি অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ৩২ ঘণ্টায় এসএমপির অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ৭৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন ৩৬ জন। একই সময়ে ট্রাফিক পুলিশ ১০৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
এসএমপি সূত্রে জানা যায়, বুধবার (৬ মে) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারি, মাদকদ্রব্য উদ্ধার, ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার ও মেট্রো অধ্যাদেশের আওতায় ৩৬ জনকে গ্রেফতার করা হয়।
এর মধ্যে নিয়মিত মামলার সাতজন, ওয়ারেন্টভুক্ত দু’জন ও সন্দেহভাজন একজন আসামি রয়েছেন। এ সময় মেট্রো অধ্যাদেশ আইনে আরো ২৬ জনকে গ্রেফতার করা হয়।
এদিকে এ সময় এসএমপির ট্রাফিক বিভাগের অভিযানে ৪৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৫৯টি যানবাহন জব্দ করা হয়।
এছাড়া বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার (৮ মে) সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টায় পরিচালিত অভিযানে মহানগরীর বিভিন্ন থানা পুলিশ আরো ৪২ জনকে গ্রেফতার করেছে।
এর মধ্যে একজন নিয়মিত মামলার আসামি, আটজন ওয়ারেন্টভুক্ত আসামি, ২০ জন মাদকসেবী ও মাদক কারবারি, তিনজন হকার, একজন ছিনতাইকারী ও নয়জন সন্দেহভাজন আসামি রয়েছেন।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম।
তিনি জানান, চুরি-ছিনতাই রোধ ও অপরাধ দমনে এসএমপি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



