বৈরী আবহাওয়ায় ১৪৮ যাত্রী নিয়ে ওসমানী বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের জরুরি অবতরণ

ঢাকার প্রতিকূল আবহাওয়ার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২ ফ্লাইটটি বিকল্প হিসেবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২ বিমান
ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২ বিমান |নয়া দিগন্ত

ঢাকার বৈরী আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়েছে।

রোববার (১২ জুলাই) বেলা ১১টা ৩৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২ ফ্লাইটটি ১৪৮ জন যাত্রী নিয়ে নিরাপদে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সিলেট ওসমানী বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটি দুবাই থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়। তবে, ঢাকার আকাশে বিরূপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে সেখানে অবতরণ সম্ভব হয়নি। পরে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ফ্লাইটটি সিলেটে ডাইভার্ট করা হয়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ দৈনিক নয়া দিগন্তকে বলেন, ঢাকার প্রতিকূল আবহাওয়ার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২ ফ্লাইটটি বিকল্প হিসেবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেলা ১১টা ৩৫ মিনিটে ১৪৮ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি নিরাপদে নামে। ঢাকার আবহাওয়া অনুকূলে এলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বিকেল ২টা ৪৫ মিনিটে ফ্লাইটটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।

এদিকে একই কারণে চীনের গুয়াংজু থেকে ঢাকাগামী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটকে ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়।

বিমানবন্দর সূত্র জানায়, রোববার ভোর থেকে ঢাকার আকাশে টানা বৃষ্টি, প্রতিকূল আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে অন্তত অর্ধশতাধিক আগমন ও প্রস্থান ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বিত হয়।

এসবের মধ্যে আবুধাবি থেকে ইতিহাদ এয়ারওয়েজ, শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়া, দুবাই থেকে এমিরেটস, ফ্লাইদুবাই ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট, মদিনা ও সৈয়দপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট, ইউএস-বাংলার জেদ্দা ও চট্টগ্রামগামী ফ্লাইট এবং কুয়ালালামপুর থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের কয়েকটি ফ্লাইট দীর্ঘ সময় আকাশে চক্কর দেয়ার পর ঢাকায় অবতরণ করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কয়েকটি ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে এবং অনেক ফ্লাইটের সময়সূচিও পুননির্ধারণ করা হয়েছে।