রায়পুরায় কিশোরীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

স্থানীয় এক যুবকের সাথে ভুক্তভোগী কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। শনিবার (১ আগস্ট) রাত ৮টার দিকে প্রেমিকের সাথে দেখা করতে যায় সে। এ সময় চার যুবক আক্কা, দিপু, রাকিব হাসান রুবেল ও জসিম সেখানে উপস্থিত হলে কিশোরীর প্রেমিক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
কিশোরীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ
কিশোরীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ |প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরী সঙ্ঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। সেই সময়ে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে চাঁদা দাবিরও অভিযোগ উঠেছে জড়িতদের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সোমবার (৩ আগস্ট) জড়িতদের মধ্যে দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার দু’জন হলেন— উপজেলার মরজাল ইউনিয়নের কান্দাপাড়া এলাকার দিপু (১৮) ও রাকিব হাসান রুবেল (২০)।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় এক যুবকের সাথে ভুক্তভোগী কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। শনিবার (১ আগস্ট) রাত ৮টার দিকে প্রেমিকের সাথে দেখা করতে যায় সে। এ সময় চার যুবক আক্কা, দিপু, রাকিব হাসান রুবেল ও জসিম সেখানে উপস্থিত হলে কিশোরীর প্রেমিক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে অভিযুক্তরা কিশোরীকে একটি পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে আক্কা ও দিপু পালাক্রমে তাকে ধর্ষণ করে। এ সময় রাকিব হাসান রুবেল ও জসিম মোবাইলফোনে ঘটনার ভিডিও ধারণ করে বলে অভিযোগ রয়েছে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে কিশোরীর কাছে টাকা দাবি করা হয়।

পরে ভুক্তভোগীর মা রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে চার অভিযুক্তের মধ্যে দিপু ও রাকিব হাসান রুবেলকে গ্রেফতার করে। বাকি দু’জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ভুক্তভোগীর মা বলেন, আমার মেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে সঙ্ঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছি। পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর মা থানায় লিখিত অভিযোগ করেছেন। চার অভিযুক্তের মধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য দু’জনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।