মুন্সীগঞ্জের সিরাজদিখানে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলেন্ডার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার ইছাপুরা চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদফতরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে দেখা যায়, কয়েকটি দোকানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে।
অনিয়ম প্রমাণিত হওয়ায় মেসার্স তালুকদার ট্রেডার্সের মালিক মো: মিজানুর রহমানকে সাত হাজার টাকা ও রহিম স্টোরের মালিক আব্দুর রহিমকে চার হাজার টাকা জরিমানা করা হয়। তাদের মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে আসিফ আল আজাদ বলেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।’
অভিযানে সহযোগিতা করেন উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: শাহ আলম মিয়া এবং সিরাজদিখান থানা পুলিশের একটি দল।



