ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় কাজী আব্দুর রশিদ (৭০) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল) রাতে উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ নিশিন্দা গ্রামের বাসিন্দা।
ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিশিন্দা বাজার থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় বাশার মিলের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন কাজী আব্দুর রশিদ। এ সময় একটি প্রাইভেটকার ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি ইশতিয়াক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারটি জব্দ করেছে।



