নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে জরিমানা

এ ছাড়া তদারকিকালে আইন মেনে মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় না করা এবং নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রয় করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

Location :

Chuadanga
মেসার্স মনিরুল ফিলিং স্টেশন
মেসার্স মনিরুল ফিলিং স্টেশন |ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় সয়াবিন তেলের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম এবং জ্বালানি তেল পরিমাপে কম দেয়ার অপরাধে তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সদর উপজেলার হাটকালুগঞ্জ, ভালাইপুর ও সরোজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, বোতলজাত ভোজ্য তেলের (সয়াবিন) দাম নির্ধারিত মূল্য থেকে বেশি মূল্যে বিক্রয় করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় আব্দুল মান্নানের প্রতিষ্ঠান এবিএম স্টোরকে পাঁচ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩৮ ধারায় হাসানের প্রতিষ্ঠান হাসান স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তেলে পরিমাপে কম দেয়ায় ৪৮ ধারায় মনিরুল ইসলামের প্রতিষ্ঠান মেসার্স মনিরুল ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকাসহ সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ ছাড়া তদারকিকালে আইন মেনে মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় না করা এবং নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রয় করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অধিদফতর সূত্রে জানানো হয়েছে।