নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে বাস, আহত ৪৫

রাজিব পরিবহনের একটি বাস পেছনে থাকা একটি পরিবহনকে সাইট দিতে গিয়ে বিপরীত দিক থেকে আরেকটি পরিবহন সামনে চলে আসে।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Faridpur
খাদে পড়ে যাওয়া বাসটি
খাদে পড়ে যাওয়া বাসটি |নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গা-নগরকান্দা সীমান্তবর্তী এলাকায় রাজিব পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৪৫ জন যাত্রী আহত হয়েছেন।

রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজিব পরিবহনের একটি বাস পেছনে থাকা একটি পরিবহনকে সাইট দিতে গিয়ে বিপরীত দিক থেকে আরেকটি পরিবহন সামনে চলে আসে। এতে তিনটি বাস একলাইনে চলে আসায় রাজিব পরিবহনের বাসটি সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে বাসটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।

এ ঘটনায় অন্তত ৪৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মো: শাহিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ২৭ জনকে ভাঙ্গা হসপিটালে ভর্তি করি। এছাড়া গুরুতর আহত কয়েকজনকে মুকসুদপুর হাসপাতালে ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাসটি মহাসড়ক থেকে প্রায় ৫০-৬০ ফুট নিচে খাদে পড়ে গেলে এত যাত্রী আহত হয়।