সোনারগাঁওয়ে ৬০০ পরিবারের মাঝে ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও জনকল্যাণমুখী রাজনীতির সুযোগ্য উত্তরসূরি।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করা হচ্ছে
ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করা হচ্ছে |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৬০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ বিতরণ করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

অনুষ্ঠানে উপজেলার ৬০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মোট ১৭ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়।

সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও জনকল্যাণমুখী রাজনীতির সুযোগ্য উত্তরসূরি। নির্বাচনের মাত্র চার মাসের মধ্যেই দেশের মানুষের কল্যাণে তিনি যেসব অভাবনীয় পদক্ষেপ নিয়েছেন, তা সত্যিই অকল্পনীয়। তারই ধারাবাহিকতায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু।

এ সময় আরো উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর এ ইয়াসিন নোবেল, জেলা যুবদল নেতা হারুন-অর-রশিদ মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।

ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিকিৎসাসেবা ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিতকরণে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাথে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি রোগীদের সেবার মান বাড়াতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।