সাতকানিয়ায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: সরওয়ার কামাল জানান, ‘পৃথক দুটি ঘটনায় পুকুরে ডুবে আমার ইউনিয়নের দুই ওয়ার্ডের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

Location :

Chattogram
সাতকানিয়ায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়
সাতকানিয়ায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয় |নয়া দিগন্ত

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের সাতকানিয়ায় একই ইউনিয়নে পৃথক দুটি ঘটনায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কেঁওচিয়া ও পশ্চিম ঢেমশা ইউনিয়নে এ তিন শিশু মারা যান।

নিহত শিশুরা হলেন, উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী পাড়ার মন্নান সওদাগর বাড়ি এলাকার অটোরিকশা চালক মো: জামাল উদ্দিনের ছেলে মো: আজাহারী (৯), পশ্চিম ঢেমশা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইছামতি আলীনগর আইয়ুব মৌলভীর বাড়ির জিয়াবুল হকের মেয়ে উম্মে মানহা (৭) এবং একই ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের অটোরিকশা চালক মো: ফারুকের মেয়ে মোছাম্মৎ আলিফা আকতার (২)।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আজাহারী রোববার তার মায়ের সাথে তার খালার বিয়ে উপলক্ষে ইছামতি আলীনগর নানার বাড়িতে বেড়াতে যায়। সোমবার দুপুর ২টার দিকে বাড়ির উঠানে বিয়ের অনুষ্ঠানে বেড়াতে আসা অন্যান্য ছেলেদের সাথে আজাহারী ও মানহা খেলছিল। এক পর্যায়ে তারা সবার অগোচরে উঠানের সামনে থাকা পুকুরে নেমে পানিতে ডুবে যায়।

দুপুরে আজাহারীর নানা মো: ইসহাক ওই পুকুরে গোসল করতে নেমে মানহাকে পানিতে ভেসে থাকতে দেখে পানি থেকে তুলে উপজেলার কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার প্রায় আধা ঘণ্টা পর অনেক খোঁজাখুঁজি করে একই পুকুরের তলদেশ থেকে আজাহারীকে উদ্ধার করে কেরানীহাটের আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, পৃথক আরেক ঘটনায় একই ইউনিয়নে দুপুর ১২টার দিকে বাড়ির উঠানে খেলারত অবস্থায় পকুরের পানিতে ডুবে দুই বছরের শিশু আলিফা আক্তার মারা যায়।

নিহত আলিফার চাচা মো: তারেক হোসেন সওদাগর জানান, আমার ভাতিজি সোমবার দুপুর ১২টার দিকে একটি পানির গ্লাস নিয়ে বাড়ির সামনে উঠানে খেলছিল। এক পর্যায়ে বাড়ির উঠানের সামনে থাকা পুকুরে তার হাতে থাকা গ্লাসটি পড়ে যায়। পরে আলিফা পুকুর থেকে গ্লাসটি তুলতে গিয়ে পানিতে ডুবে সে মারা যায়।

উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: সরওয়ার কামাল জানান, ‘পৃথক দুটি ঘটনায় পুকুরে ডুবে আমার ইউনিয়নের দুই ওয়ার্ডের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’