রাজশাহীতে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু

বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১২৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩২ জন শিশু।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া কয়েকজন রোগী
রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া কয়েকজন রোগী |নয়া দিগন্ত

রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে একজন এবং বেসরকারি রয়েল হাসপাতালে দুজন শিশুর মৃত্যু হয়।

রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা: শংকর কে বিশ্বাস জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ১৮ জন শিশু। বর্তমানে রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১২৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩২ জন শিশু।

রামেক হাসপাতাল সূত্রে জানা যায়, এখন পর্যন্ত রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৪২৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, একই দিনে নগরীর বেসরকারি রয়েল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ বিষয়ে চিকিৎসকরা বলছেন, যেসব শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম, তারা বেশি জটিলতার শিকার হচ্ছে।

তবে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে উপসর্গ নিয়ে আসা শিশুদের পরিস্থিতি বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আক্রান্ত শিশুদের চিকিৎসায় রামেক হাসপাতালে ১৮টি আইসিইউ, তিনটি সাধারণ ওয়ার্ড এবং একটি আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। সেখানে সংক্রমণের মাত্রা নির্ণয় করে রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।