কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কলেজ মোড় এলাকার কিশোর মেহেদী হাসান (উচ্চতা ৪ ফুট ৪ ইঞ্চি) গত (১২ জুন) রাত আনুমানিক ১০টার পর থেকে নিখোঁজ রয়েছে। দীর্ঘ ৯ দিন অতিবাহিত হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ মেহেদী হাসান ওই এলাকার হাফিজুর রহমান ও মোছা: ববিতা বেগমের ছেলে। পরিবারের সদস্যরা জানান, সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এমনকি গত দুই দিন এলাকায় মাইকিং করা হলেও কোনো তথ্য মেলেনি।
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার সময় মেহেদীর পরনে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি ছিল। তার গায়ের রং ফর্সা এবং উচ্চতা প্রায় ৪ ফুট ৪ ইঞ্চি।
এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর-৮৭৩। এদিকে, নিখোঁজ মেহেদী হাসানকে খুঁজে দিতে সহায়তা করলে উপযুক্ত পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন পাঁচগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল বাতেন সরকার।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নিখোঁজের বিষয়ে থানায় একটি জিডি হয়েছে। আমাদের পক্ষ থেকে তার অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।
উল্লেখ্য, নিখোঁজ মেহেদী হাসানকে কেউ দেখে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত ০১৭৮৮-১২৬২৪০ অথবা ০১৭৯৪-৮৯৭১৫১ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।



