মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম এলাকার ডহরি খালের প্রবেশমুখে নৌ ডাকাতির প্রস্তুতিকালে ১০ জনকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি উচ্চগতির ইঞ্জিনচালিত নৌকা, দুটি ধারালো দা, ছয়টি মোবাইল ফোন, দুটি টর্চলাইট ও সাতটি কাঠের ডাসা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো: আব্দুল মাবুদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে ইন্সপেক্টর আব্দুল মাবুদের নেতৃত্বে ধলেশ্বরী নদীতে নিয়মিত নৌ টহল চলাকালে মিরকাদিম এলাকার ডহরি খালের প্রবেশমুখ ও ধলেশ্বরী নদীর মোহনায় একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় নৌকাটিতে থাকা ১০ জনকে আটক করা হয়।
পরে তাদের দেহ ও নৌকায় তল্লাশি চালিয়ে ডাকাতির প্রস্তুতিতে ব্যবহৃত বলে দাবি করা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: আব্দুল মাবুদ বলেন, কয়েকদিন আগে গজারিয়া উপজেলার লস্করদি এলাকা থেকে দুই নৌ ডাকাতকে গ্রেফতার করা হয়েছিল। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ নৌ ডাকাত চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের সবার বাড়ি সিরাজদিখান উপজেলায়।



