গাজীপুরের কালিয়াকৈরে গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় উত্তেজিত জনতা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
রোববার (১০ মে) ভোররাত চারটার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ চোরচক্র পিকআপ ভ্যান নিয়ে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে যায়। এ সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনকে ডাক দেন। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে তিনজনকে আটক করেন।
এ সময় তাদের কাছ থেকে তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে উত্তেজিত জনতা আটক তিনজনকে মারধর করে। একপর্যায়ে তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়া হয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করেন। পরে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, “ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”



