প্রবাসী ছেলের সাথে বিরোধের জের

লালমনিরহাটে বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন

শুক্রবার (৮ মে) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরিয়া খামারটারী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল মোন্নাফ (৬২) ওই গ্রামের বাসিন্দা।

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট

Location :

Lalmonirhat

লালমনিরহাটে প্রবাসী ছেলের সাথে বিরোধের জেরে এক বৃদ্ধকে গাছের সাথে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

শুক্রবার (৮ মে) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরিয়া খামারটারী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল মোন্নাফ (৬২) ওই গ্রামের বাসিন্দা।

পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মোন্নাফের ছেলে মিজানুর রহমান লিবিয়াপ্রবাসী। চার বছর আগে একই এলাকার মহির উদ্দিনের ছেলে হাসানুরকে তিনি লিবিয়ায় নিয়ে যান। সেখানে কাজের ব্যবস্থা হলেও পরে কর্মস্থল নিয়ে দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়। কয়েক মাস ধরে হাসানুরকে দেশে ফেরানোর জন্য তার পরিবার মিজানুরের ওপর চাপ সৃষ্টি করছিল বলে জানা গেছে।

এ ঘটনার জেরে শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে আব্দুল মোন্নাফকে আটক করে গাছের সাথে রশি দিয়ে বেঁধে রাখেন মহির উদ্দিন ও তার সহযোগীরা—এমন অভিযোগ করেছেন স্থানীয়রা।

রাতে বৃদ্ধকে গাছে বেঁধে রাখার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যান।

এ ঘটনায় মহির উদ্দিনকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আব্দুল মোন্নাফ।

হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল মোন্নাফ বলেন, “আমার ছেলের সাথে বিদেশে কী সমস্যা হয়েছে, তা আমি জানি না। অথচ আমাকে গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে। আমি এর বিচার চাই।”

লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) সজিব জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশ দেখেছে। ঘটনাটি তদন্তে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।