ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় দুলাল মিয়া নামে এক ধান ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মে) সকালে স্থানীয় ফারুক হাজীর ফিসারির পাড়ে লাশ দেখে থানায় খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত দুলাল মিয়ার বাড়ি উপজেলার বাঘবেড় ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে। তিনি মুন্সিরহাট বাজারে ধানের ব্যবসা করতেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার (৩ মে) রাতে অসুস্থ আরেক ব্যবসায়ী মোজাম্মেল হোসেনকে দেখতে যান দুলাল মিয়া। পরে দিঘিরপাড় মোড়ে এসে চা খান তিনি। এ সময় মোবাইলে কল এলে তিনি দোকান থেকে উঠে চলে যান। এরপর আজ সকালে তার গলাকাটা লাশ পাওয়া যায়।
এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত চলছে। মামলা দায়ের করার প্রস্ততি চলছে।


