সিলেটের হাওরে উদ্ধার পোড়া লাশটি সুনামগঞ্জের লন্ডন প্রবাসীর

নিহত ব্যক্তির নাম বুরহান উদ্দিন শফি (৫৯)। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা সমছু মিয়ার ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর আম্বরখানা এলাকার ৩৪/৪১ নম্বর বাসায় বসবাস করতেন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
নিহত বুরহান উদ্দিন শফি
নিহত বুরহান উদ্দিন শফি |নয়া দিগন্ত

সিলেটের জকিগঞ্জ উপজেলার সাতঘরি ও বিলপারের কোনারবন্দ হাওর থেকে আগুনে দগ্ধ গলায় রশি বাঁধা অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ার) বিকেলে লাশের পরিচয় শনাক্ত করে পুলিশের বিশেষ এই ইউনিট।

নিহত ব্যক্তির নাম বুরহান উদ্দিন শফি (৫৯)। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা সমছু মিয়ার ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর আম্বরখানা এলাকার ৩৪/৪১ নম্বর বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, নিহত বুরহান উদ্দিন শফি লন্ডন প্রবাসী ছিলেন। তিনি গত ৩০ জানুয়ারি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনায় স্বজনরা সিলেটের এয়ারপোর্ট থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পিবিআই ও সিআইডির একটি টিম ঘটনাস্থলে এসে নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করে। পরে নিহতের স্বজনরাও ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিচয় নিশ্চিত করেন।

তিনি বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

এর আগে মঙ্গলবার সকালে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতঘরি ও বিলপারের কোনারবন্দ হাওরে অজ্ঞাতনামা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশের একটি টিম এসে লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশের শরীরে আগুনে পোড়ানোর চিহ্ন ও গলায় রশি লাগানো ছিল।

অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।