সিলেটে হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১০৫ জনে।
মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এর সত্যতা নিশ্চিত করেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী হবিগঞ্জ জেলার নবীগঞ্জের সাত মাস বয়সী নুসিবা ও সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মৃত্যুবরণকারী সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা দুই বছর দুই মাস বয়সী শিশু রাফসা।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় কারো হাম শনাক্ত না হলেও এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৫১ জন।
বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানায়, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৭৩ জন। চলতি বছরের ১ জানুয়ারী থেকে ২১ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে হামে ও উপসর্গে ১০৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন ২২ বছর বয়সী নার্স এবং বাকি ১০৪ জন শিশু। এরমধ্যে চার জনের হাম নিশ্চিত হলেও বাকিরা উপসর্গে মারা গেছেন।
মৃত্যুবরণকারীদের মধ্যে সর্বোচ্চ ৪৭ জন সুনামগঞ্জ জেলার, এরপর ৩৬ জন সিলেটের, মৌলভীবাজারের ১২ ও হবিগঞ্জের ১০ জন রয়েছেন।
এদিকে সিলেট বিভাগে এখন পর্যন্ত ৫৪৫ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২৮৭ জন সুনামগঞ্জ জেলার, সিলেটের ১৮০, হবিগঞ্জের ৫৬ ও মৌলভীবাজারের ২২ জন রয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগে হাসপাতালে ভর্তিকৃত সন্দেহজনক ২৭৩ জন রোগীর মধ্যে সর্বোচ্চ ১০৫ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০১, রাগীব রাবেয়া মেডিক্যাল হাসপাতালে ১১, মাউন্ট এডোরা হাসপাতালে তিন, নর্থ ইস্ট হাসপাতালে আট, সিলেট লায়ন্স হাসপাতালে তিন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দুই ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন ভর্তি রয়েছেন।



