ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর ডিমলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুকন্যার মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) বিকেলে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো— রবিয়াল ইসলামের মেয়ে রুপাইয়া (৪) ও আউয়াল হোসেনের মেয়ে আশফিকা (৪)। সম্পর্কে তারা আপন চাচাত বোন।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশে খেলতে খেলতে দুই শিশু সবার অগোচরে পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় গভীর পানিতে তলিয়ে যায় তারা। অনেকক্ষণ পরিবারের সদস্যরা শিশুদের খুঁজে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখা যায় তাদের। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই বাড়ির দুই অবুঝ শিশুর এমন করুণ মৃত্যু পুরো এলাকায় স্তব্ধতা নামিয়ে এনেছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে আরো সচেতন হতে হবে।



