শিবচরে নারীসহ ৩ মাদক কারবারি ও ক্রেতাকে কারাদণ্ড

মাদারীপুরের শিবচরে নারীসহ তিন মাদক বিক্রেতা ও ক্রেতার প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
শিবচরে নারীসহ ৩ মাদক কারবারি ও ক্রেতাকে কারাদণ্ড
শিবচরে নারীসহ ৩ মাদক কারবারি ও ক্রেতাকে কারাদণ্ড |নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচরে নারীসহ তিন মাদক বিক্রেতা ও ক্রেতার প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৫ মে) সকালে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা এ দণ্ড প্রদান করেন।

এর আগে বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শিবচর উপজেলার ‘পূর্বকাকৈর বাটেরচর’ এলাকা থেকে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— শিবচর উপজেলার পূর্বকাকৈর বাটেরচর গ্রামের আবুল কালাম মাদবরের স্ত্রী সালমা বেগম (৪৫), তার ছেলে সাকিব আল হাসান (২৬) এবং মাদক ক্রেতা শরাফউদ্দিন (৪০)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার নেতৃত্বে পূর্বকাকৈর বাটেরচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকার আবুল কালাম মাদবরের বাড়িতে রাত আড়াইটার দিকে ইয়াবা সেবনকালে ক্রেতা শরাফউদ্দিনকে হাতেনাতে আটক করে পুলিশ।

এ সময় মাদক বিক্রেতা আবুল কালাম মাদবর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ আবুল কালামের স্ত্রী সালমা বেগম ও ছেলে সাকিব আল হাসানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শরাফউদ্দিনকে দুই বছর এবং সালমা ও সাকিবকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা জানান, মাদকের বিরুদ্ধে এমন নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ইতোমধ্যে শিবচর উপজেলার বেশ কয়েকজন শীর্ষ মাদক কারবারিকে ধরতে সক্ষম হয়েছি। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।

স্থানীয়রা প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।