টিকটকে পরিচয়, এরপর প্রেমের অভিনয়। বিশ্বাস অর্জনের পর দেখা করার অজুহাতে নির্জন স্থানে ডেকে এনে সঙ্ঘবদ্ধভাবে ছিনতাই। সিলেটে এমন কৌশলে সক্রিয় একটি ‘হানিট্র্যাপ’ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে এসএমপির মোগলাবাজার থানা পুলিশ।
এ সময় ছিনতাইকৃত একটি আইফোন এক্সএস ম্যাক্স মোবাইল ফোন উদ্ধার এবং ছিনতাইয়ে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তবে চক্রের নারী সদস্যসহ আরো কয়েকজন এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার আরিফ উর রহমান (২১)-এর সাথে টিকটকের মাধ্যমে পরিচয় গড়ে তোলেন ‘হানিট্র্যাপ’ চক্রের এক নারী সদস্য। ধীরে ধীরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। গত ৪ জুলাই গোলাপগঞ্জের ড্রিমল্যান্ড পার্কে তাদের সাক্ষাৎ হয়। পরে ওই নারী ভুক্তভোগীকে মোটরসাইকেলে করে মোগলাবাজার থানার দাউদপুরের তুরুকখলা এলাকায় পৌঁছে দেয়ার অনুরোধ করেন।
রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নির্ধারিত স্থানে পৌঁছানোর পর আগে থেকেই ওঁৎ পেতে থাকা চক্রের অন্যান্য সদস্যরা তাদের ঘিরে ফেলে। নারী সদস্যসহ কয়েকজন ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ভুক্তভোগীকে মারধর করে তার ব্যবহৃত সুজুকি জিকসার মোটরসাইকেল ও আইফোন এক্সএস ম্যাক্স মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মোগলাবাজার থানায় মামলা দায়ের হলে তদন্তে নামে পুলিশ।
এরপর শুক্রবার মোগলাবাজার থানা পুলিশের একটি দল সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন— মোগলাবাজার থানার তুরুকখলা গ্রামের সেবুল আহমদের পুত্র তাসিন হোসেন আবির (১৮) এবং একই থানার সুড়িগাঁও গ্রামের আব্দুস সালামের পুত্র জাবেদ আহমেদ (২০)।
অভিযানকালে পুলিশ আটককৃতদের কাছ থেকে ছিনতাইকৃত আইফোন এক্সএস ম্যাক্স মোবাইল ফোন উদ্ধার করে। একই সাথে ছিনতাইয়ে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৩-৪৭৬২ নম্বরের একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে অপরিচিত ব্যক্তিদের প্রেমের সম্পর্কে জড়িয়ে নির্জন স্থানে ডেকে এনে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। বিশেষ করে টিকটক, ফেসবুক ও মেসেঞ্জারকে কেন্দ্র করে সঙ্ঘবদ্ধ চক্রগুলো নতুন নতুন কৌশল অবলম্বন করছে। তাই অপরিচিত কারও সাথে অনলাইনে সম্পর্ক গড়ে তুলে নির্জন স্থানে দেখা করতে গেলে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।
শনিবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি চক্রের নারী সদস্যসহ পলাতক অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



