নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ মাদককারবারি জামাই-শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে।

নড়াইল প্রতিনিধি

Location :

Narail
মাদককারবারি জামাই-শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে
মাদককারবারি জামাই-শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে |নয়া দিগন্ত

নড়াইলের লোহাগড়ায় এক কেজি গাঁজা ও ১০১ পিস ইয়াবাসহ জামাই-শাশুড়িকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার পাঁচুড়িয়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে মাদককারবারি জামাই ও শাশুড়িকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন শাশুড়ি পাঁচুড়িয়া গ্রামের ইউসুফ শেখের স্ত্রী সীমা বেগম (৩৮) ও তার মেয়ের জামাই উপজেলার নোয়াপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রাসেল শেখ (২১)। সীমার স্বামী ইউসুফ মাদক মামলায় কারাগারে আছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইলের উপ-পরিচালক গোলক মজুমদার জানান, গোপন সংবাদ ভিত্তিতে সোমবার বিকেলে নড়াইলের পাঁচুড়িয়া গ্রামের ইউসুফ শেখের বাড়িতে অভিযান চালানো হয়। তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজা ও ১০১ পিস ইয়াবাসহ সীমা ও তার মেয়ের জামাই রাসেলকে আটক করা হয়। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় মামলা করা হয়েছে।

ডিএনসির উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, ‘ইউসুফ লোহাগড়া উপজেলার অন্যতম মাদককারবারি। স্বামী কারাগারে থাকায় শাশুড়ি ও জামাই মিলে মাদককারবার করছিলেন। প্রায় ছয় বছর ধরে তারা মাদককারবারের সাথে জড়িত। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।’