খুলনা মহানগরে ৯৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেয়ার লক্ষ্য

মোট ৮২টি টিম এ কার্যক্রমে অংশ নেবে। এতে ১৪৪ জন টিকাদান কর্মী, ২০৬ জন স্বেচ্ছাসেবী, ৬২ জন প্রথম সারির সুপারভাইজার, চারজন দ্বিতীয় সারির সুপারভাইজার ও ৩১ জন পোর্টার দায়িত্ব পালন করবেন।

খুলনা ব্যুরো

Location :

Khulna
হাম-রুবেলার টিকাদান কর্মসূচি
হাম-রুবেলার টিকাদান কর্মসূচি |নয়া দিগন্ত গ্রাফিক্স

খুলনা মহানগরে ৯৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে খুলনা সিটি করপোরেশনের আয়োজনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) রাজিব আহমেদের সভাপতিত্বে নগর স্বাস্থ্য ভবনের কনফারেন্স রুমে আয়োজিত ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সম্মেলনে জানান হয়, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত টিকাদান ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৯৩ হাজার ৭৮৮ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্কুলগামী শিশুর সংখ্যা ১৩ হাজার ৩৮৪ জন এবং কমিউনিটি পর্যায়ের শিশুর সংখ্যা ৮০ হাজার ৪০৪ জন।

প্রধান অতিথি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘এ রোগ প্রতিরোধ করতে হলে সকলকে সচেতন হতে হবে এবং যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। বিশেষ করে মিডিয়া কর্মীদের এ বিষয়ে বেশি বেশি প্রচার-প্রচারণা চালাতে হবে।’

সম্মেলনে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি ও লক্ষ্য তুলে ধরেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: শরীফ শাম্মীউল ইসলাম। তিনি জানান, এবারের ক্যাম্পেইনে খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ডকে চারটি জোনে ভাগ করে কার্যক্রম পরিচালনা করা হবে। টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য মোট ২৫৬টি কেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে চারটি স্থায়ী ও ২৫২টি অস্থায়ী কেন্দ্র রয়েছে।

তিনি আরো জানান, মোট ৮২টি টিম এ কার্যক্রমে অংশ নেবে। এতে ১৪৪ জন টিকাদান কর্মী, ২০৬ জন স্বেচ্ছাসেবী, ৬২ জন প্রথম সারির সুপারভাইজার, চারজন দ্বিতীয় সারির সুপারভাইজার ও ৩১ জন পোর্টার দায়িত্ব পালন করবেন।