অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা জহিরুল ইসলামের

যারা অপরাধ করে তাদের পরিচয় অপরাধী। তাদের কোনো দলীয় পরিচয় নেই। যারা অপরাধ করবে তাদের কোনো ছাড় দেয়া হবে না।

Location :

Chattogram
মতবিনিময় সভা
মতবিনিময় সভা |নয়া দিগন্ত

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
অপরাধীদের কোনো দলীয় পরিচয় নেই উল্লেখ করে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন চট্টগ্রাম ১৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

বুধবার (২০ মে) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

জহিরুল ইসলাম বলেন, ‘যারা অপরাধ করে তাদের পরিচয় অপরাধী। তাদের কোনো দলীয় পরিচয় নেই। যারা অপরাধ করবে তাদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেয়া হবে না। উপজেলা প্রশাসনকে অপরাধ নির্মূলের ব্যাপারে আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

সভায় উপজেলার টাইমবাজার রাস্তার ওপর থেকে সরানো, প্রধান সড়কে যানজট নিরসন, চুরি ডাকাতি বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া ও পবিত্র ঈদুল আযহা নির্বিঘ্নে উদযাপনের জন্য যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনাও দেন এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুপণ নন্দী, উপজেলা প্রকৌশলী ইফরাদ বিন মুনীরসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।