রাজৈরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

স্থানীয় যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে পুলিশ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
রাজৈর উপজেলার কবিরাজপুর স্কুল মাঠে মাদকবিরোধী সমাবেশ
রাজৈর উপজেলার কবিরাজপুর স্কুল মাঠে মাদকবিরোধী সমাবেশ |নয়া দিগন্ত

মাদারীপুরের রাজৈরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন এলাকাবাসী। মাদককারবারিদের চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেয়ার ঘোষণা দেন বক্তারা।

শনিবার (২০ জুন) বিকেলে রাজৈর উপজেলার কবিরাজপুর স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে পুলিশ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, যারা মাদকের সাথে যুক্ত, তাদের কারণে এলাকায় চুরি-ডাকাতি বৃদ্ধি পায়। অপরাধ প্রবণতা বাড়ে। একজন নেশাগ্রস্ত মানুষকে দেখে অন্যজন উৎসাহিত হয়। এ মাদকের সাথে যারা জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনতে হবে। এলাকার মানুষ তাদের চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দেবো।

বক্তারা আরো বলেন, সমাজের বেশিভাগ অপরাধ প্রবণতার মূল উৎস হচ্ছে মাদক। তাই মাদককারবারিদের সাথে কোনো আপস নেই। আইনশৃঙ্খলা বাহিনী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সনীতি গ্রহণ করেছে। তাই মাদক কারবারিদের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করবে এলাকার জনগণ। একটা অপরাধ ঢাকতে আরেকটা অপরাধের জন্ম দেয়া কোনো সচেতন মানুষের কাজ নয়। অতএব মাদকের বিরুদ্ধে মানুষের কেবল সচেতন অবস্থান গড়ে উঠলেই নিজের পরিবার যেমন নিরাপদ থাকবে, তেমনি দেশ ও সমাজ এক সময় মাদকমুক্ত হবে।

কবিরাজপুর সিহাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে ও কাশিমপুর কে এইচ মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা ওসমান গনির পরিচালনায় অনুষ্ঠানে রাজৈর থানার পরিদর্শক কুতুব উদ্দিন, মাদারীপুর জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আরিফ হাওলাদার, হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজৈর শাখার সেক্রেটারি মাহামুদুল্লাহ ফাহামী, রাজৈর পৌর বিএনপির আহ্বায়ক শেখ জাকির, কবিরাজপুরের জামিয়া আবু বকর মাদরাসার মোহতামিম মুফতি তানভীর আহম্মেদ, কবিরাজপুর সিহাব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার শরিফ প্রমুখ বক্তব্য রাখেন।