গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হলেও ফলাফল জানা হলো না হতভাগা রাসেলের।
রাসেল চরফ্যাশন উপজেলার দুলার হাট মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে এসএসসি পরীক্ষা দিলেও ফলাফল প্রকাশের ৫ দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
প্রকাশিত ফলাফলে জিপিএ-৩ পেয়ে পাস করলেও কোনো আনন্দ নেই রাসেলের পরিবারে। রাসেলের মৃত্যুতে শুধু বিদ্যালয়ে নয়, শোকের ছায়া নেমে এসেছে তার এলাকাজুড়ে।
রাসেলের বাবা আবু কালাম ব্যাপারি বলেন, ‘ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। গত বৃহস্পতিবার ঘর নির্মাণের কাজে সহযোগিতা করছিল রাসেল মিস্ত্রিদের সাথে। বৃষ্টির মধ্যে সারাদিন কাজ করে ভেজা শরীরে বিদ্যুতের লাইন অন করতে গিয়ে রাসেল সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।’
বাবা-মায়ের একমাত্র ছেলে রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীতে চাকরি করবে; তার জন্য সে সকল ধরণের প্রস্তুতিও নিয়েছিল। আজ ছেলের রেজাল্ট এসেছে, কিন্তু ছেলে বেঁচে থাকলে সে খুব আনন্দিত হতো।
এদিকে দুলার হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হোসেন বিপ্লব বলেন, ‘রাসেল খুবই মেধাবী ছাত্র ছিল। ওর সাফল্য আমাদের গর্ব। রাসেলের শূন্যতা আমাদের প্রতিটি বেঞ্চে, বিদ্যালয়ের প্রতিটি কোণায় অনুভব করছি আমরা। আজ সবচেয়ে বেশি কষ্টদায়ক বিষয়টি হলো—আমাদের শিক্ষার্থী রাসেল জিপিএ-৩ পেয়ে পাস করেছে, কিন্তু সে আজ আমাদের মাঝে নেই। সে এখন শুধুই আমাদের স্মৃতি।’


