নোয়াখালীতে সড়কে বালু রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

‘চৌমুহনী পৌরসভার রাস্তা জনগণের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য। কেউ ব্যক্তিগত স্বার্থে রাস্তা দখল করে বালু, ইট বা নির্মাণ সামগ্রী রেখে জনদুর্ভোগ তৈরি করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
বেগমগঞ্জে সড়কে বালু রেখে জনদুর্ভোগ তৈরি বিরুদ্ধে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত
বেগমগঞ্জে সড়কে বালু রেখে জনদুর্ভোগ তৈরি বিরুদ্ধে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত |নয়া দিগন্ত

নোয়াখালীর বেগমগঞ্জে সড়কে অবৈধভাবে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বেগমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহাদাত হোসেনের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার চৌমুহনী পৌরসভার হাজিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার প্রধান সড়কে বালু স্তূপ করে রাখায় জনসাধারণের চলাচল ও যানবাহন চলাচলে ভোগান্তি হচ্ছিল। সোমবার দুপুরে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সড়কের ওপর অবৈধভাবে বালু রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৮ (৭) ধারা লঙ্ঘনের অপরাধে ১০৯ ধারায় একটি মামলা দায়ের করা হয়।

পরে সেই মামলায় অভিযুক্ত ব্যক্তিকে অর্থদণ্ড দেয়া হয়। একইসাথে তাৎক্ষণিকভাবে সড়ক থেকে বালি সরিয়ে নেয়ার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।​

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহাদাত হোসেন বলেন, চৌমুহনী পৌরসভার রাস্তা জনগণের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য। কেউ ব্যক্তিগত স্বার্থে রাস্তা দখল করে বালু, ইট বা নির্মাণ সামগ্রী রেখে জনদুর্ভোগ তৈরি করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে ও জনভোগান্তি রোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।