কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর

কিছুদিন আগে তিনি দ্বিতীয় স্ত্রী ইসরাত জাহান লিজার বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে তিনি একটি ফার্মেসিও চালু করেন।

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

Location :

Kathalia
ঘটনাস্থলে উৎসুক জনতা
ঘটনাস্থলে উৎসুক জনতা |নয়া দিগন্ত

ঝালকাঠির কাঁঠালিয়ায় দ্বিতীয় স্ত্রীর শাবলের আঘাতে খায়রুল ইসলাম পলাশ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। অভিযুক্ত ইসরাত জাহান লিজাকে (২৫) আটক করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কাঁঠালিয়ায় দক্ষিণ আউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত পলাশ একজন ওষুধ ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি নলছিটির নাচনমহল ইউনিয়নের ভবানীপুর গ্রামে। কিছুদিন আগে তিনি দ্বিতীয় স্ত্রী ইসরাত জাহান লিজার বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে তিনি একটি ফার্মেসিও চালু করেন।

‎স্থানীয়রা জানান, বিভিন্ন বিষয় নিয়ে পলাশ ও লিজার মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে লিজা শাবল ও হাতুড়ি দিয়ে পলাশকে আঘাত করেন বলে অভিযোগ। এতে তিনি গুরুতর আহত হন। ‎পরে পলাশকে উদ্ধার করে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ইসরাত জাহান লিজাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।