‘বন্যা কবলিত এলাকায় বিভিন্ন এনজিও সংস্থার কাছ থেকে ঋণগ্রহীতাদের এক মাসের কিস্তি সুদসহ মওকুফ করার ব্যবস্থা নেয়া হচ্ছে’ যেন ক্ষতিগ্রস্তরা ঘুরে দাঁড়াতে পারেন, বলেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
রোববার (১৯ জুলাই) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার মাইসছড়ি বাজারে আনুষ্ঠানিকভাবে ওএমএস কর্মসূচির উদ্বোধনকালে তিনি একথা বলেন।
বন্যা কবলিত এলাকায় খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে খাদ্য অধিদফতরের উদ্যোগে পরিচালিত খোলাবাজারে চাল-আটা বিক্রয় (ওএমএস) কর্মসূচি নির্ধারিত সময়ের আগেই শুরু করা হয়েছে।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, সরকার যেকোনো প্রাকৃতিক দুর্যোগে দেশবাসীর পাশে থেকেছে। বন্যাদুর্গত মানুষের কথা চিন্তা করে আগস্টের শেষের দিকে শুরু হওয়া এ কর্মসূচি এগিয়ে এনে আজ থেকে সরকারের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি চালু হয়েছে। এতে স্বল্প মূল্যে হতদরিদ্র মানুষ খাদ্য কিনতে পারবে।
তিনি আরো বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে সরকার সফলভাবে একের পর এক দুর্যোগ মোকাবিলা করে আসছে। ইতোমধ্যে কৃষকদের মাঝে প্রণোদনা দেয়া শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামোসহ ঘরবাড়িগুলোর শ্রেণিবিন্যাস করে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।
এ সময় তিনি পার্বত্য জেলা পরিষদসমূহ দ্রুত গঠন করা হবে বলেও জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এমপি, জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাতসহ বিভিন্ন সরকারি দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন।



