সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১৮৫

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৮৫ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৭ জন, সুনামগঞ্জে ৩৮ জন, হবিগঞ্জে ৮৪ জন, মৌলভীবাজারে ২০ জন ও অন্যান্য জেলা থেকে আসা ছয়জন রয়েছেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগী
হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত রোগী |ফাইল ছবি

সিলেট বিভাগে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো তিনজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৫ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮ জন। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

শনিবার (২৯ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৮৫ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৭ জন, সুনামগঞ্জে ৩৮ জন, হবিগঞ্জে ৮৪ জন, মৌলভীবাজারে ২০ জন ও অন্যান্য জেলা থেকে আসা ছয়জন রয়েছেন।

বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৮ জন ডেঙ্গুরোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নয়জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দু’জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন রয়েছেন।

এর আগে শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় একজন নতুন ডেঙ্গুরোগী শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। ওই দিন বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১৮২ জন। একদিনের ব্যবধানে নতুন করে আরো তিনজন শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮৫ জনে দাঁড়িয়েছে।

চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গুতে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য বিভাগ ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানিয়েছে। জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ারও আহ্বান জানানো হয়েছে।