মাদারীপুরে পটকা ফোটাতে গিয়ে আগুন

মধ্যরাতে শহরের বাদামতলা এলাকার ‘ভুইয়া কমিউনিটি সেন্টার’-এর পেছনে একদল যুবক পটকা বাজি ফোটায়। পরে তারা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
পটকা থেকে আগুন
পটকা থেকে আগুন |ফাইল ছবি

মাদারীপুরে পটকা বাজি ফোটাতে গিয়ে আগুনের ঘটনা ঘটেছে। হতাহত না হলেও পুড়ে গেছে রান্নাঘর।

রোববার (১ মার্চ) রাত দেড়টার দিকে মাদারীপুর শহরের বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মধ্যরাতে শহরের বাদামতলা এলাকার ‘ভুইয়া কমিউনিটি সেন্টার’-এর পেছনে একদল যুবক পটকা বাজি ফোটায়। পরে তারা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পটকার আগুন থেকে একটি রান্নাঘরে আগুন ধরে যায়। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও রান্নাঘরটি পুড়ে যায়। তবে অল্পের জন্য বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী অভিযোগ করেন, গভীর রাতে প্রায়ই কিছু বখাটে পটকা ও আতশবাজি ফোটায়। এতে ছোট ছোট শিশুরা শব্দে আতঙ্কিত হয়ে পড়ে। প্রশাসনের নীরব ভূমিকায় এসব কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান জানান, আগুন থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। মধ্যরাতে কে বা কারা এভাবে বাজি ফোটাচ্ছে, তা বন্ধ হওয়া উচিত।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘পটকা ফোটানোর খবর পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’