গণভোটের রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লোহাগাড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)

Location :

Lohagara
গণভোটের রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লোহাগাড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ
গণভোটের রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লোহাগাড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ |নয়া দিগন্ত

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণের উদ্যোগে বার আউলিয়া কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পদুয়া স্টেশনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জিল্লুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি ডি. এম. আসহাব উদ্দীন।

ডি এম আসহাব উদ্দীন বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার অভূতপূর্ব ত্যাগ ও আত্মোৎসর্গের মূল লক্ষ্য ছিল একটি ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমেই জনগণের সেই প্রত্যাশা বাস্তবে রূপ দেওয়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানে সংঘটিত সব গণহত্যার সুষ্ঠু বিচার এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলার জমিনে কেউ ফ্যাসিবাদ কায়েম করে টিকে থাকতে পারেনি। বাংলার মানুষ ব্রিটিশ, পাকিস্তানি বাহিনী ও স্বৈরাচার হাসিনাকে পালাতে বাধ্য করেছে। তাই ৭০% মানুষের জনাকাঙ্ক্ষা জুলাই সনদকে মেনে নিয়ে গণভোটের রায়কে বাস্তবায়ন করতে হবে সরকারকে।

সমাবেশে অন্যান্য নেতারা বলেন, রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের সম্ভাবনাকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে ব্যাহত হতে দেওয়া হবে না। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও সুশাসিত রাষ্ট্র গঠনে ছাত্রশিবির ভবিষ্যতেও রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, থানা ও ইউনিয়ন শাখার নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।