মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
সোমবার বেলা ১১টায় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক রাসেল এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার দিবাগত মধ্যরাত পৌনে ১২টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার বেতকা গ্রামের বেতকা চৌরাস্তার ব্রিজ সংলগ্ন পাঁকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।
আটক তিনজন হলেন ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা আগানগর এলাকার জহিরুল ইসলাম রনি (৩৪), টঙ্গীবাড়ী উপজেলার বানখারা গ্রামের মো: রতন শেখ (৩৮) ও শরীয়তপুর জেলার সখিপুর থানার নইমুদ্দিন সরদারকান্দি গ্রামের শহিদুল ইসলাম শান্ত (৩৩)।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক রাসেল নয়া দিগন্তকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম টঙ্গীবাড়ী থানাধীন বেতকা গ্রামের বেতকা চৌরাস্তার ব্রিজ সংলগ্ন পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় তাদেরকে ৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
তিনি আরো জানান, এ সংক্রান্তে টঙ্গীবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।



