ফেনীতে ‘জুলাই ৩৬’ স্মরণে ফুটবল টুর্নামেন্টে সবুজ টিম চ্যাম্পিয়ন

প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন ভিপি বলেন, ‘ভবিষ্যতে আমরা যদি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মতো এ সমস্ত কাজে ব্যস্ত রাখি, তাহলে এ দেশে কোনো অপকর্ম হবে না এবং সমাজ ঠিক থাকবে। যদি এটা করতে না পারি, তাহলে অপকর্ম বাড়বে। অতএব, আমাদের প্রধান কর্তব্য হচ্ছে লেখাপড়া করা, চরিত্র ঠিক রাখা এবং তরুণদের খেলাধুলায় জড়িত রাখা।’

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
নয়া দিগন্ত

ফেনীতে ‘জুলাই ৩৬’ স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ‘শহীদ মীর মুগ্ধ টিম’কে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘শহীদ সবুজ টিম’।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফেনী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।

এর আগে, গত ২৯ জুলাই ‘মানবিক ফেনী ফাউন্ডেশন’-এর আয়োজনে শুরু হওয়া এ টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে।

মানবিক ফেনী ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু।

সংগঠনের প্রধান সমন্বয়ক মজুমদার রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ এনামুল হক খন্দকার, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, পৌর সদস্য সচিব দেলোয়ার হোসেন বাবুল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল।

এ সময় ফেনী সরকারি কলেজ শিক্ষক সম্পাদক ফরিদুল আলম ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তপন কর, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন ভিপি বলেন, ‘ভবিষ্যতে আমরা যদি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মতো এ সমস্ত কাজে ব্যস্ত রাখি, তাহলে এ দেশে কোনো অপকর্ম হবে না এবং সমাজ ঠিক থাকবে। যদি এটা করতে না পারি, তাহলে অপকর্ম বাড়বে। অতএব, আমাদের প্রধান কর্তব্য হচ্ছে লেখাপড়া করা, চরিত্র ঠিক রাখা এবং তরুণদের খেলাধুলায় জড়িত রাখা।’

প্রধান বক্তা রফিকুল আলম মজনু বলেন, ‘খেলাধুলার মাধ্যমে পরিবেশ সুন্দর হবে। সন্ত্রাস ও মাদকমুক্ত করার জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজ সন্ত্রাস ও মাদকমুক্ত করতে এভাবে খেলাধুলা বাড়াতে হবে। আগামী দিনে আরো যত টুর্নামেন্ট হয়, সে বিষয়ে আমরা উৎসাহিত করব।’