যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় সরকারিভাবে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪৪৮ হিজরি উদযাপিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে আয়োজিত এই সভায় প্রধান অতিথি মহানবী সা:-এর আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেয়া এবং তার জীবন ও কর্ম থেকে শিক্ষা নেয়ার মানবতার বাণী নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: হুমায়ুন কবির।
এছাড়াও চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার এস এম আশিস মোমতাজ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো: সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা ও কর্মচারীর এই আলোচনা ও দোয়া মাহফিলে অংশ নেন।
আলোচনা সভা শেষে চুয়াডাঙ্গা জেলা ও দেশবাসীর কল্যাণ, শান্তি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়।



