ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) সংসদীয় আসনের আশুলিয়ায় দু’টি ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে বিএনপির ১৩ নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়া থানার ডিউটি অফিসার (এসআই) সায়মন শেখ নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান চালানো হয়।
সেনাবাহিনীর টহল দল ধামসোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুন নগর নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া থানাধীন মধুপুর এলাকার শামসুল হকের ছেলে আব্দুর রহমান (৪২), বশির উদ্দিন বেপারীর ছেলে মো: শাহজাহান বেপারী (৬৪), ইয়াকুব আলীর ছেলে মোহাম্মদ সরোয়ার (৫২), শাহজাহান বেপারীর ছেলে মো: জুলহাস উদ্দিন (২৪), মো: বাবুল হোসেনের ছেলে মো: সুমন (২৩), আহমদ আলীর ছেলে মো: সুজন (২০), মো: তাইজুল ইসলামের ছেলে মো: শাহিনুর ইসলাম (৩০), আখতার হোসেনের ছেলে মো: সুমন (৩৬) ও গোপিপাড়া এলাকার দানেজ আলী শেখের ছেলে মোহাম্মদ নুরুল ইসলাম (৩৫)-কে আটক করে। তারা সবাই বিএনপি মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থক বলে জানা গেছে।
এছাড়াও একই সময়ে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নলাম ভোটকেন্দ্রে পৃথক অভিযান চালিয়ে আরো চারজনকে আটক করা হয়।
আটকরা হলেন আশুলিয়া থানাধীন নলাম বাগবাড়ি এলাকার ইউসুফ আলীর ছেলে মো: মন্টু মিয়া (৩৫), পানপাড়া এলাকার মো: আলী হোসেনের ছেলে মো: জুয়েল মিয়া (৩৬), একই এলাকার লোকমান হোসেনের ছেলে কবির হোসেন (৩৭) ও মজিদ বেপারীর ছেলে রাকিব হোসেন (৩৯)। তারাও একই প্রার্থীর সমর্থক বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আশুলিয়া থানার ডিউটি অফিসার (এসআই) সায়মন শেখ জানান, সেনাবাহিনী রাতেই ১৩ জনকে আটক করেন। আটকরা বর্তমানে থানা হেফাজতে রয়েছে।



